প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে ‘চুক্তিপত্রে’ স্কালোনির স্বাক্ষর!

ফুটবলে কোনো কোচকে ঘিরে দর্শকদের ভালোবাসার দৃশ্য খুব বেশি দেখা যায় না। অথচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনির ক্ষেত্রে সেটাই যেন এখন প্রতিদিনের বাস্তবতা। দেশের ছোট্ট শহর পুজাতোতে ছুটি কাটাতে গিয়ে তিনি যেন আবারও বুঝতে পারছেন, একটি ফুটবল দলের সাফল্য কীভাবে পুরো জাতির আবেগ হয়ে ওঠে।
বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। প্রতিদিনই সেখানে ভিড় করছেন হাজার হাজার সমর্থক। কেউ ছবি তুলতে চান, কেউ অটোগ্রাফ নিতে, কেউ শুধু একবার কাছ থেকে দেখতে। সেই অসংখ্য স্মৃতির ভিড়েই জন্ম নিয়েছে আরেকটি আবেগঘন মুহূর্ত।
ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক খুদে ভক্ত নিজের হাতে একটি ছোট্ট ‘চুক্তিপত্র’ বানিয়ে হাজির হয়েছিল স্কালোনির সামনে। কাগজটিতে বড় করে লেখা ছিল— ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি।’
শিশুটির সেই সরল আবদার ফিরিয়ে দেননি স্কালোনি। অন্য অটোগ্রাফের মতোই বিনা দ্বিধায় সেখানে নিজের স্বাক্ষর করে দেন তিনি। মুহূর্তটি উপস্থিত সবার মুখে হাসি ফোটালেও, আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের কাছে সেটি প্রিয় কোচকে ধরে রাখার আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দিয়েছে।
পরে শিশুটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়াকে উদ্দেশ করে একটি বার্তাও পাঠায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবার প্রকাশ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’ অর্থাৎ, সে স্কালোনি স্বাক্ষর নিয়েছে, এখন আনুষ্ঠানিক চুক্তির দায়িত্ব তাপিয়ার।
শিশুটির এই আবেগঘন উদ্যোগ এমন এক সময়ে সামনে এসেছে, যখন স্কালোনির ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি বলেছিলেন, ‘চুক্তি থাকায় আমি ডিসেম্বর পর্যন্ত থাকব। এরপর সম্ভবত আমাকে সরে যেতে হবে।’
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।